গাজার দিকে এগোচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, ইসরাইলের কঠোর পদক্ষেপের প্রস্তুতি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পিএম
গাজার অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে। গাজার উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (প্রায় ২০০ নটিক্যাল মাইল) দূরে অবস্থান করছে এই নৌবহর।
ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ বুধবার জানায়, গাজার দিকে এগোচ্ছে ফ্লোটিলার কিছু জাহাজ আসোদ বন্দরকে লক্ষ্য করে এবং বাকি জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি নৌবাহিনী জাহাজগুলো আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজ জব্দ করা যায়।
হতাহতের আশঙ্কা মাথায় রেখে আসোদ বন্দরের আশেপাশের হাসপাতালগুলোতে বিশেষ প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রায় ৪০টি জাহাজে ত্রাণ সামগ্রী নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকার দিকে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকারকর্মী। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বিশ্ব সম্প্রদায়ের নজর কাড়ার পাশাপাশি ইসরাইলি নীতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের নৌবাহিনী বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।