শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম
ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে সিদ্ধান্ত আসতে পারে—এমন জল্পনার মধ্যেই নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিবিএস-কে নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য প্রস্তুত থাকতে পারে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
ওই কর্মকর্তা জানান, আলোচনা এখনো ‘পরিবর্তনশীল ও চলমান’। কারণ প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস বিশ্লেষণ করছে—হামলা হলে ইরান কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের নিরাপত্তা ও কূটনৈতিক প্রভাব পড়তে পারে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য থেকে সাময়িকভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। হামলার সিদ্ধান্ত হলে অভিযানে অংশ নেওয়া সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
তবে আরেকটি সূত্র জানিয়েছে, সামরিক অভিযানের আগে সেনা পুনর্বিন্যাস সাধারণ প্রক্রিয়ার অংশ হলেও—মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানো মানেই যে ইরানে অবিলম্বে হামলা চালানো হবে, এমন কোনো নিশ্চিত ইঙ্গিত নয়।