ট্রাম্পের আলটিমেটামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাল্টা হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। গাজার এক সম্মেলনে ট্রাম্পের সময়সীমা ঘোষণার পর তেহরান ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। বরং আক্রমণ করা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধূলিসাৎ করা হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত এই বার্তা মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো চিঠিতে দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, “ইরান যুদ্ধ করতে চায় না, কিন্তু সার্বভৌমত্বের ওপর আঘাত হলে চুপ করে থাকবে না। মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রের সব কৌশলগত স্থাপনা ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে বিধ্বংসী পাল্টা হামলা করা হবে। অপ্রীতিকর পরিস্থিতির দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।”
এদিকে ‘ওয়ালস্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত হামলা চালিয়ে ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করার পরিকল্পনা করছে। কাজ না হলে হামলার পরিধি বাড়িয়ে ইরানের শীর্ষ নেতৃত্ব, আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানোর ছক রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-নির্মিত যুদ্ধের ছবি পোস্ট করে মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়া থেকেও সতর্ক করা হয়েছে, ইরানের ওপর হামলা ‘আগুন নিয়ে খেলা’ এবং এর পরিণতি ভয়াবহ হবে।