মারা গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন-এমন দাবি ঘিরে আন্তর্জাতিক রাজনীতি ও গণমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি–এর বরাতে রোববার (১ মার্চ) সকালে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’, খামেনির মৃত্যু হয়েছে।

এ দাবির পরপরই আরেকটি প্রবাসীভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রেক্ষিতে ইরানে রোববার থেকেই ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি এবং তথ্যগুলোর স্বাধীন যাচাই এখনো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা ‘মারা গেছেন’। পোস্টে তিনি খামেনিকে ইতিহাসের “নিকৃষ্টতম ব্যক্তিদের একজন” হিসেবে আখ্যা দিয়ে বলেন, খামেনি ও তাঁর নেতৃত্বাধীন বাহিনীর হাতে নিহত বা নির্যাতিত বহু আমেরিকান ও বিশ্ববাসীর জন্য এটি “সুবিচার”। তিনি আরও দাবি করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও উন্নত ট্র্যাকিং ব্যবস্থার নজর এড়িয়ে পালানোর কোনো সুযোগ খামেনি ও তাঁর ঘনিষ্ঠদের ছিল না।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অভিযানে ইরানের একাধিক শীর্ষ নেতা নিহত হয়েছেন এবং দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস–সহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অনেক সদস্য আর যুদ্ধ করতে আগ্রহী নন। তিনি দাবি করেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে দায়মুক্তির প্রত্যাশা করছেন এবং দেরি করলে কঠোর পরিণতির মুখে পড়বেন-এমন সতর্কতাও দেন তিনি।

এই দাবিগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও একযোগে উঠে আসে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, সিএনএন এবং বিবিসি নিউজ-সবগুলোই ট্রাম্পের বক্তব্যের বরাত দিয়ে জানায়, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় খামেনির নিহত হওয়ার দাবি করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় পর্যায় থেকে এ বিষয়ে স্পষ্ট ও যাচাইকৃত কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিশ্লেষকদের মতে, বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও তথ্যযুদ্ধ চলমান, আর চূড়ান্ত সত্য জানতে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য ঘোষণার অপেক্ষা করা ছাড়া বিকল্প নেই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970