পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৪৭ পিএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট সেনাসদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
বৃহস্পতিবার (১৫ মে) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রদেশটির বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় এই অঞ্চল দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত।
জানা গেছে, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে নিজেকে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আট সেনাসদস্য নিহত হন। হামলার কিছুক্ষণ পর টিটিপি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।
তবে ঘটনার পর নিরাপত্তা বাহিনী কোনো অভিযান শুরু করেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।