প্রবাসী কার্ড দেবে সরকার, সবার আগে পাবেন যারা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৩৬ পিএম
দেশের সাধারণ মানুষের সুবিধার্থে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে সরকার। এবার বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে নতুন করে চালু হতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। আগামী দুই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে সরকার।
রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
জানা গেছে, বর্তমানে বিদেশগামী কর্মীদের জন্য ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) কার্ড চালু রয়েছে। বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যারা বিএমইটিতে নিবন্ধন করেন, তারাই এই কার্ড পেয়ে থাকেন।
সরকারি তথ্যভাণ্ডারে এসব কার্ডধারীর বিস্তারিত তথ্য সংরক্ষিত থাকে। ফলে বিদেশে কোনো দুর্ঘটনা বা সমস্যার মুখোমুখি হলে দ্রুত তাদের শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা দিতে পারে সরকার।
তবে নতুন প্রবাসী কার্ডে শুধু আগের তথ্যই নয়, যুক্ত করা হবে ব্যাংকিং ও আর্থিক সেবাও। এর মাধ্যমে প্রবাসীরা আরও কিছু অতিরিক্ত সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল ইসলাম বলেন, বিএমইটি কার্ডে থাকা তথ্যগুলো নতুন প্রবাসী কার্ডেও থাকবে। পাশাপাশি এতে ব্যাংকিং সিস্টেম যুক্ত করা হবে এবং বাড়তি কিছু সুবিধাও দেওয়া হবে।
এদিকে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগে চালু হওয়া বিএমইটি কার্ড থেকে প্রবাসীরা খুব বেশি সুবিধা পাননি। তাই নতুন প্রবাসী কার্ড চালুর ক্ষেত্রে যেন সত্যিকার অর্থে প্রবাসীরা উপকৃত হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে সরকারকে।
সূত্র: বিবিসি বাংলা