পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:০৪ এএম

ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের নিজস্ব স্বার্থের বিষয় এবং এ নিয়ে ভারতের সঙ্গে আলাদা কোনো আলোচনার প্রয়োজন নেই। তবে গঙ্গা নদী নিয়ে আলোচনা চলমান রয়েছে।

বুধবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রায় ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে পাঁচ বছরে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ এলাকার ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী খাল খননের মাধ্যমে পানি আনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পানি সংরক্ষণের ক্ষেত্রে কারিগরি বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গঙ্গা চুক্তি বাস্তবায়নে কারিগরি দল কাজ করছে বলেও জানান মন্ত্রী।

ফারাক্কা ব্যারেজের কারণে দেশের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে রাজবাড়ী এলাকায় ব্যারেজের অংশে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়টি এই প্রকল্পের আওতায় নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970