লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:২৬ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ‘ডাবল-ট্যাপ’ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে মুহাম্মদ আহমাদ আবু জেইদ ও জামাল নূর এল-দিন নামে দুইজন নিহত হন। স্থানীয় সূত্র জানায়, তারা ওই এলাকায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে গিয়েছিলেন।
হামলার ঘটনায় নাবাতিয়েহ অ্যাম্বুলেন্স সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সকর্মীরা প্রাণে বেঁচে গেছেন।
এদিকে, রাতভর হারুফ শহরে চালানো আরেকটি ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। একটি আবাসিক বাড়িতে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনএনএ।
তবে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।