প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনায় নিজের বাবার বাড়িতেই ডাকাতির ঘটনা ঘটিয়েছেন এক তরুণী। ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে ঘটে যাওয়া এ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরিবারের অজান্তে প্রেমিককে বাড়ির চাবি দেওয়াসহ ডাকাতদের প্রবেশ সহজ করতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দেন ব্যবসায়ীর মেয়ে আরিবা।

গত ১১ মে ভোরে মুরাদাবাদের পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ভোর ৪টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নেয়। যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরার ডিভিআরও নিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে ইমরান, তার স্ত্রী সীমা ও চার সন্তান উপস্থিত ছিলেন। ডাকাতির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তদন্তে চারটি বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহজনক কিছু তথ্য পায়। পরে জানা যায়, ব্যবসায়ীর মেয়ে আরিবার সঙ্গে অমরোহার বাসিন্দা আরশাদ ওয়ারসির দীর্ঘ সাত-আট বছরের প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশের দাবি, ভিন্ন জাতের হওয়ায় পরিবার সম্পর্ক মেনে নেবে না— এমন আশঙ্কা থেকেই তারা বাড়ি থেকে বড় অঙ্কের অর্থ নিয়ে পালানোর পরিকল্পনা করেন। বাড়িতে কোথায় কত টাকা রাখা আছে, সে তথ্য প্রেমিক আরশাদের কাছে পৌঁছে দেন আরিবা।

এছাড়া ডাকাতির প্রায় এক মাস আগে বাড়ির মূল ফটকের চাবিও প্রেমিকের হাতে তুলে দেন তিনি। ঘটনার রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দিয়ে ডাকাতদের প্রবেশ সহজ করেন বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার টাকা নগদ, চারটি দেশীয় পিস্তল, পাঁচটি মোবাইল ফোন ও দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লুট হওয়া বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970