পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনের সামনে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) এ ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে করাচির এম টি খান সড়কে অবস্থিত কনস্যুলেট ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাথর নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষে ৯ জন নিহত এবং ১৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর কনস্যুলেট এলাকার চারপাশে অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার সদস্য মোতায়েন করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান করাচির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। পাশাপাশি প্রদেশজুড়ে স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।