ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাজাগতিক অবস্থান ও সূক্ষ্ম জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামী ২০ মার্চ শুক্রবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ ঈদ উদযাপিত হয়, তাহলে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশে একদিন পর ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মার্চ বুধবার আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে ওই দিন রমজান মাসের ২৯ দিন পূর্ণ হলেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না।

তিনি জানান, ১৯ মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের ওপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। সে ক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার থেকে নতুন মাস শুরু হতে পারে।

আল জারওয়ান আরও বলেন, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাব এখন অনেক বেশি নির্ভুল হওয়ায় বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ একই দিনে ঈদ শুরু করার বিষয়ে একমত হতে পারে। তবে ধর্মীয় বিধান অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমেই ঘোষণা করা হবে। খালি চোখে চাঁদ দেখার সাক্ষ্য পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেওয়া হয়।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। সেই ধারাবাহিকতায় যদি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ ঈদ উদযাপিত হয়, তবে বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের ছুটির ক্যালেন্ডারে সম্ভাব্য ঈদের তারিখ হিসেবে ২১ মার্চ নির্ধারণ করে ছুটির পরিকল্পনা সাজিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970