ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে আগ্রহ দেখালেও চীনের মতো ব্যাপক অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের রাজধানীতে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে ভূরাজনীতি ও অর্থনীতি বিষয়ক এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রায় দুই দশক আগে চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে নীতিগত ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে সেই ভুল আর করা হবে না।

ক্রিস্টোফার ল্যান্ডাউ জানান, যুক্তরাষ্ট্র ভারতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করতে চায়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, চীনের দ্রুত অর্থনৈতিক উত্থানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ওয়াশিংটন অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ‘ভারতকে বুঝতে হবে—২০ বছর আগে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র যে ভুলগুলো করেছিল, ভারতের ক্ষেত্রে তা পুনরাবৃত্তি করা হবে না।’ বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে ওঠার প্রেক্ষাপটে দেওয়া এক ধরনের সতর্ক বার্তা।

এ সময় মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সম্ভাব্য জ্বালানি সরবরাহ বিঘ্ন মোকাবিলায় ভারতের সঙ্গে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রস্তাবও দেন তিনি। ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভারতের বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, আগামী ৩০ দিন পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের মধ্যে বড় ধরনের একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। কয়েক দফা আলোচনার পর গত মাসে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়েছে ওয়াশিংটন। তবে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে চায়, যা দুই দেশের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শুল্ককে কূটনৈতিক ও বাণিজ্যিক সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একই সময়ে ভারতও কৌশলী অবস্থান বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ করছে।

আমেরিকার ওপর নির্ভরশীলতা কমাতে নয়াদিল্লি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বহুমুখী কৌশল গ্রহণ করছে ভারত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970