ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৩৬ এএম

ছবি: সংগৃহীত

ইসরাইলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ ঘটনার পরপরই ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার সকালে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ করছে।

দেশটির একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

এদিকে দক্ষিণ ইসরাইলের দিকে ইরানের আরও একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। এ কারণে জেরুজালেম ও আশপাশের এলাকা এবং দক্ষিণ ইসরাইলের কিছু অংশে সতর্কতা সংকেত বেজে ওঠে।

অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মেহেরাবাদ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরে আগুনে জ্বলতে থাকা বিমান ও ঘন ধোঁয়ার দৃশ্য দেখা গেছে।

স্থানীয় সময় শুক্রবারের উপগ্রহচিত্রে বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকটি বিমান অবস্থান করতে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলার ঘটনা নিশ্চিত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী ইরানে নতুন দফায় ব্যাপক বিমান হামলা শুরুর ঘোষণা দেওয়ার পরই এ ঘটনা ঘটেছে।

এর আগে গত ৪ মার্চ একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। সে সময় তাদের দাবি ছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি তৈরি করতে পারে—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়েছিল। ওই হামলায় বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলেও জানানো হয়েছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970