ইরানের নেতৃত্ব ও সামরিক শক্তি শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার ইচ্ছা নেই তার। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সামরিক শক্তি ও দেশটির নেতৃত্ব পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত চলমান যুদ্ধ বন্ধ হবে না।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে তাদের এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্য কোনো দেশ থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে ইরানও আপাতত আক্রমণ স্থগিত রাখতে প্রস্তুত।
চলমান সংঘাতে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। অপরদিকে ইসরায়েল লেবাননে হিজবোল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩৩০ জন ইরানি নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন।
অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ছয়জন সেনাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা এই সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। কুয়েত, ইরাক ও কাতার তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে ইরান এখন পর্যন্ত সীমিত প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।