এবার মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁমকি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:১৩ পিএম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় এবার পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্রগুলো লক্ষ্য করে কঠোর জবাব দেওয়া হবে।
মঙ্গলবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারি এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, শত্রুপক্ষ যদি ইরানের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তবে ইরানও মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
জেনারেল ইব্রাহিম জাব্বারি আরও জানান, ইতোমধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রভাব বিশ্ববাজারেও পড়তে শুরু করেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮০ ডলারের বেশি এবং অচিরেই তা ২০০ ডলারে পৌঁছাতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর এই প্রথম ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। পাশাপাশি কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে রপ্তানি করা হয়। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ, অর্থাৎ প্রায় দুই কোটি ব্যারেল তেল এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়।