খামেনি পুত্র মোজতোবাই হলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:২০ এএম

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিষয়টি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট দেশটির সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে এই পরিষদ মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন। এর পর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আলোচনায় দেখা যাচ্ছিল।

নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। একই সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং সশস্ত্র বাহিনী মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা মোজতবা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করছে এবং তার সব নির্দেশনা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত থাকবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

তার বাবা বয়সে প্রবীণ হয়ে পড়ার পর থেকেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে বলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সরাসরি যুক্ত করতে হবে। তবে এসব বক্তব্য উপেক্ষা করেই মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970