২ হাজারের বেশি সেনা নিয়ে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই দুই হাজারের বেশি সেনা বহন করে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। জাহাজটিতে প্রায় ২ হাজার ২০০ মেরিন সেনা ও নাবিক রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

মঙ্গলবার প্রকাশিত সামুদ্রিক নজরদারি তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত সিঙ্গাপুরের কাছাকাছি মালাক্কা প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সাধারণত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো নিজেদের অবস্থান গোপন রাখে, তবে সিঙ্গাপুরের মতো ব্যস্ত নৌপথ অতিক্রমের সময় নিরাপত্তার কারণে অবস্থান প্রকাশ করে।

পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জাহাজটি ৩১তম মেরিন অভিযাত্রী ইউনিটের সদস্যদের বহন করছে। এই ইউনিটকে দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসেবে ধরা হয়, যারা সমুদ্র ও স্থল—উভয় ধরনের অভিযানে দক্ষ।

যুদ্ধজাহাজটি মধ্যপ্রাচ্যে পাঠানো হলেও ঠিক কোথায় এটি মোতায়েন করা হবে বা কী ধরনের অভিযানে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উপাত্ত অনুযায়ী, গত ১১ মার্চ জাপানের ওকিনাওয়া থেকে যাত্রা শুরু করে জাহাজটি দক্ষিণ চীন সাগর পেরিয়ে সিঙ্গাপুরের দিকে অগ্রসর হচ্ছে।

প্রায় ৮৫০ ফুট দীর্ঘ এবং ৪৫ হাজার টন ওজনের ‘ত্রিপোলি’ মূলত একটি ছোট আকারের বিমানবাহী রণতরী। এতে আধুনিক যুদ্ধবিমান, পরিবহন উড়োজাহাজ এবং সৈন্য অবতরণের জন্য বিশেষ নৌযান বহনের সক্ষমতা রয়েছে। জাপানের সাসেবো শহরে এর প্রধান ঘাঁটি অবস্থিত।

সূত্র: সিএনএন

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970