যুক্তরাষ্ট্রে ইউ ভিসা পেতে ‘ভুয়া ডাকাতি’, ১১ ভারতীয়ের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:০১ পিএম
বিশেষ সুবিধার ইউ ভিসা পাওয়ার আশায় ভুয়া সশস্ত্র ডাকাতির ঘটনা সাজানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে ১১ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, পরিকল্পিতভাবে বিভিন্ন দোকানে সাজানো ডাকাতির ঘটনা ঘটানো হয়, যাতে দোকানের কর্মচারীরা নিজেদের সহিংস অপরাধের শিকার হিসেবে দেখিয়ে ইউ ভিসার জন্য আবেদন করতে পারেন। ২০২৩ সালের মার্চ মাসে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্তত ছয়টি দোকানে এমন ঘটনা ঘটানো হয়।
অভিযোগ অনুযায়ী, একটি চক্রের সদস্যরা ডাকাত সেজে দোকানে প্রবেশ করতেন এবং অস্ত্রের মতো দেখতে বস্তু প্রদর্শন করে টাকা নিয়ে যেতেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধারণ করা হতো। এরপর কিছু সময় অপেক্ষা করে দোকানের কর্মচারীরা পুলিশে অভিযোগ দিতেন। পরে সেই ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করে তারা ভিসার আবেদন করতেন।
তদন্তে আরও জানা গেছে, এই পরিকল্পনার মূল হোতা ছিলেন নিউইয়র্কে বসবাসকারী রাজ প্যাটেল। যারা নিজেদের ভুক্তভোগী হিসেবে দেখাতে চেয়েছিলেন, তারা তাকে প্রায় ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ দিতেন। পরে দোকান মালিকদেরও কয়েক হাজার ডলার দেওয়া হতো, যাতে তারা এই সাজানো ডাকাতিতে সহযোগিতা করেন। ইতোমধ্যে রাজ প্যাটেল নিজের দোষ স্বীকার করেছেন।
অভিযুক্তদের মধ্যে কয়েকজন ম্যাসাচুসেটসে গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হওয়ার পর মুক্তি পেয়েছেন। অন্যদের কেন্টাকি, মিসৌরি ও ওহাইও অঙ্গরাজ্যে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বোস্টনের আদালতে হাজির করা হবে।
জানা গেছে, ইউ ভিসা সাধারণত তাদের দেওয়া হয়, যারা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গুরুতর অপরাধের শিকার হন এবং তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেন। এই ভিসা সাধারণত চার বছর পর্যন্ত বৈধ থাকে এবং কখনো কখনো পরিবারের সদস্যরাও এর সুবিধা পান।
মার্কিন আইন অনুযায়ী, ভিসা জালিয়াতির ষড়যন্ত্র প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড, অতিরিক্ত তত্ত্বাবধান এবং বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হতে পারে। তবে আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সবাই আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।