ইরানের আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা নেই: দাবি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আর অবশিষ্ট নেই বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ইসরাইল এই যুদ্ধে এগিয়ে যাচ্ছে এবং ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত ব্যাপকভাবে দুর্বল হয়ে গেছে এবং সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করার কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, যেসব কারখানায় ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম প্রস্তুত করা হয়, সেগুলো ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়েছে- এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি নেতানিয়াহু।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত না রাখার বিষয়ে সম্মত হয়েছিল বলে জানিয়েছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদি। তবে তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

এর জবাবে ইরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলেও বাধা সৃষ্টি করছে দেশটি।

প্রায় তিন সপ্তাহ ধরে চলমান এ সংঘাত এখনো মূলত আকাশপথেই সীমাবদ্ধ রয়েছে। তবে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে স্থল অভিযানও চালানো হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনার অভিযোগও অস্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কী করতে হবে, তা অন্য কেউ নির্ধারণ করে- এমন ধারণা সঠিক নয়। সূত্র: রয়টার্স

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970