ইরান যুদ্ধ বন্ধের পক্ষে ৯২% মার্কিন নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১১:০৬ পিএম
ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের জনমতের মধ্যে স্পষ্ট দ্বৈত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে অধিকাংশ নাগরিক যুদ্ধ দ্রুত শেষ করতে চান, অন্যদিকে তারা ইরানে রাজনৈতিক পরিবর্তন, জনগণের স্বাধীনতা নিশ্চিত করা এবং পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষেও মত প্রকাশ করেছেন।
সিবিএস পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে এ চিত্র উঠে এসেছে। গত সপ্তাহে অনুষ্ঠিত এ জরিপে অংশ নেন তিন হাজার তিনশত পঁত্রিশ জন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিক, যা দেশের সামগ্রিক জনমতের প্রতিনিধিত্ব করে।
জরিপ অনুযায়ী, ৯২ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত দ্রুত শেষ হওয়া জরুরি। পাশাপাশি বিপুলসংখ্যক অংশগ্রহণকারী ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতাকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
এ ছাড়া জরিপে দেখা গেছে, ৭৩ শতাংশ মার্কিন নাগরিক ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে। ৬৮ শতাংশ মনে করেন, ইরান যেন অন্য দেশের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।
তবে বর্তমান শাসনব্যবস্থা বহাল রেখে যুদ্ধের ইতি টানার পক্ষে অধিকাংশ উত্তরদাতা সমর্থন জানাননি। জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, বর্তমান শাসনব্যবস্থা অক্ষুণ্ণ রেখে যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য হবে না।
বিশ্লেষকদের মতে, জরিপের ফলাফলে মার্কিন জনমতের একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়—তারা সরাসরি যুদ্ধের পক্ষে না থাকলেও ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোয় মৌলিক পরিবর্তন দেখতে চান। সূত্র: জেরুজালেম পোস্ট