পেন্টাগনের সংবাদ অফিস বন্ধ করল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের ভেতরে থাকা গণমাধ্যমের অফিস সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর দিয়েছে আল জাজিরা ও সিবিসি নিউজ।
শুক্রবার ট্রাম্প প্রশাসনের নতুন সংবাদকর্মী অনুমতিপত্র নীতিমালা বাতিল করেছে একটি জেলা আদালত। আদালতের রায় পাওয়ার পরই পেন্টাগনের এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
গত বছর নতুন নিয়ম চালু করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নীতিমালার অধীনে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের একটি নথিতে স্বাক্ষর করতে হতো। এছাড়া, পেন্টাগনের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ বা গোপন তথ্য প্রকাশ করতেও বাধা ছিল।
এই নীতিমালার মাধ্যমে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস মামলা দায়ের করে। সম্প্রতি জেলা আদালত এই মামলার পক্ষে রায় দিয়েছে।