১০ দফা দাবি মেনে নিলেন ট্রাম্প, চুক্তিতে বিজয় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ এএম
যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উত্থাপিত ১০ দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই চুক্তিটিকে ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে তেহরান।
এ বিষয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই চুক্তি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরান এতে সম্মতি দিয়েছিল। ফলে পুরো আলোচনায় তাদের অবস্থানকে কৌশলগতভাবে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে।
ইরানের দেওয়া ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা: ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রিত যাতায়াত চালুর প্রস্তাব দিয়েছে, যা কার্যকর হলে তাদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব বাড়বে।
মার্কিন সেনা প্রত্যাহার: মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও মোতায়েনকৃত সেনা সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
মিত্র গোষ্ঠীর নিরাপত্তা: ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল এবং বিদেশে আটকে থাকা সম্পদ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
যুদ্ধের ক্ষতিপূরণ: দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান।
আন্তর্জাতিক নিশ্চয়তা: চুক্তির শর্তগুলো ভবিষ্যতে কার্যকর রাখতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে অনুমোদনের দাবি জানানো হয়েছে।
সব মিলিয়ে, এই চুক্তিকে ইরান তাদের কৌশলগত ও কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে। সূত্র: আল জাজিরা