লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলা, বাংলাদেশিদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

ছবি: সংগৃহীত

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে প্রায় ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করে রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় শতাধিক বোমা নিক্ষেপ করা হয়।

এই হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং দেড় হাজারের বেশি আহত হয়েছেন। বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।

এদিকে, এটিই শেষ হামলা নয় বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। সামনে আরও বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার প্রকাশিত সতর্কবার্তায় বৈরুতের ১৪টি এলাকা থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় আরও হামলার আশঙ্কা রয়েছে। তাই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জীবন রক্ষার্থে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলো হলো— সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম, বিমানবন্দর সড়ক এলাকা, আল উযায়ী, আল শিয়েহ, তারিক আল জাদিদের উপকণ্ঠ, আল তাইউনেহ, ফুর্ন আল শুব্বাকের উপকণ্ঠ ও বাদারো এলাকা।

দূতাবাসের পক্ষ থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970