হরমুজ প্রণালিতে টোল আদায়কে আন্তর্জাতিক আইনবিরোধী বলল যুক্তরাজ্য

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইরানের পদক্ষেপকে আন্তর্জাতিক সমুদ্র আইনবিরোধী বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালিকে “মুক্ত” রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক সামুদ্রিক জলপথ। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ এই ধরনের জলপথে অবরোধ আরোপ বা চলাচলে বাধা দিতে পারে না।

তিনি আরও বলেন, কেবল চলমান পরিস্থিতির জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি শান্তির স্বার্থে প্রণালিটির পূর্ণ স্বাধীন প্রবাহ নিশ্চিত করা জরুরি। কোনো আন্তর্জাতিক জলপথে টোল আরোপও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে টোল পরিশোধ করতে হবে। এই টোল পরিশোধ করা যাবে ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় পর্যন্ত এই টোল ব্যবস্থা কার্যকর থাকবে। এছাড়া তেলবাহী জাহাজগুলোর ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য এক ডলার করে টোল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

অন্যদিকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, লেবাননে সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। সূত্র: বিবিসি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970