নতুন মোসাদ প্রধান হিসেবে রোমান গফম্যানকে নিয়োগ দিলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম
ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করা গফম্যানকে বিশ্বের অন্যতম শক্তিশালী এই গোয়েন্দা সংস্থার নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে। রোববার এ নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগ বিষয়ক উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করেছে।
পরে ওই কমিটির অনুমোদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী মোসাদ প্রধান হিসেবে রোমান গফম্যানের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। তিনি আগামী ২ জুন থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।
গফম্যান বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে পরিবারের সঙ্গে ইসরায়েলে অভিবাসী হিসেবে আসেন। তিনি ছোটবেলায় অধিকৃত পশ্চিম তীরের এলি ইয়েশিভা নামের ধর্মীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন।
পড়াশোনা শেষে চোখের সমস্যার কারণে বিশেষ বাহিনীতে সুযোগ না পেলেও তিনি ১৯৯৫ সালে আর্মার্ড ব্রিগেডে যোগ দেন। পরে ধাপে ধাপে তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
এর মধ্যে তিনি ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের কমান্ডার, ৩৬তম ডিভিশনের অপারেশন অফিসার, এতজিয়ন ব্রিগেডের কমান্ডার, ২১০তম ডিভিশনের প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।