ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করার ঘোষণা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ অবরোধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড।
এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, বিশ্বের যেকোনো দেশের পতাকাবাহী জাহাজ এ অবরোধের আওতায় পড়তে পারে। ইরানের বন্দরের দিকে যাওয়া বা সেখান থেকে আসা সব জাহাজ আটকানো হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাওয়া জাহাজ এ অবরোধের বাইরে থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সব দেশের পতাকাবাহী জাহাজের ওপর অবরোধ কার্যকর করা হচ্ছে।
এতে আরও বলা হয়, অনুমতি ছাড়া নির্ধারিত এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে বা বের হলে সেটিকে আটক, গতিপথ পরিবর্তনে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। তবে ইরান ছাড়া অন্যান্য দেশের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।
এদিকে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। বাহিনীর মুখপাত্র বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগরের সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে কোনো পক্ষই নিরাপদ থাকবে না।
তিনি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অবৈধ ও সামুদ্রিক দস্যুতা বলেও উল্লেখ করেন।
এর আগে চলমান সংঘাতের পর ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয়। দেশটি জানায়, তাদের শত্রুদের কোনো জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে পরিবাহিত হয়। পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির প্রধান পথও এটি। সূত্র: দ্য গার্ডিয়ান