ইরান আলোচনায় দ্বিতীয় দফাতেও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা সরাসরি আলোচনার সুযোগ তৈরি হলে সেখানে আবারও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন তথ্য জানিয়েছে একাধিক সূত্র। খবর সিএনএনের।
সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও সম্ভাব্য ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই কুশনার কূটনৈতিক আলোচনায় যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রের মতে, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার দায়িত্ব নিজের শীর্ষ তিন উপদেষ্টার ওপর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
সূত্র আরও জানায়, গত শনিবারের ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার নিয়মিতভাবে ইরানি পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। সূত্র: সিএনএন