ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম
ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মির্জাপুর জেলার একটি পাহাড়ি সড়কে মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে একাধিক যানের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় সড়ক-১৩৫-এর ড্রামন্ডগঞ্জ উপত্যকা থেকে লাসোদা এলাকার দিকে নামা ঢালু পথে দুর্ঘটনাটি ঘটে।
মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় একটি ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপর ধারাবাহিকভাবে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনাস্থলটি জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এবং দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি একে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত দল কাজ শুরু করেছে।
দুর্ঘটনার পর সড়কটিতে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, ড্রামন্ডগঞ্জ উপত্যকার এই ঢালু সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এখানে প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।