আপনি আমার মায়ের ‘ক্রাশ’ ছিলেন, রাজা চার্লসকে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে রাজা চার্লস মার্কিন কংগ্রেসে ভাষণ দেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন।
এই সফরে কংগ্রেসে ভাষণ দেওয়া ইতিহাসে মাত্র দ্বিতীয় কোনো ব্রিটিশ শাসক হিসেবে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বক্তব্য রাখেন।
ভাষণ দিতে গিয়ে ট্রাম্প হাস্যরস করে বলেন, তার মা রাজা চার্লসের প্রতি খুবই আকৃষ্ট ছিলেন। তিনি জানান, তার মা রাজপরিবারকে ভালোবাসতেন এবং টেলিভিশনে রানি কোনো অনুষ্ঠানে এলেই মনোযোগ দিয়ে দেখতেন।
ট্রাম্প আরও বলেন, তার মা তাকে ডেকে বলতেন- “দেখো ডোনাল্ড, কত সুন্দর তারা।” তিনি যোগ করেন, তার মা পুরো রাজপরিবারকে পছন্দ করতেন, তবে বিশেষভাবে রাজা চার্লসকে খুবই পছন্দ করতেন।
শেষে ট্রাম্প মজা করে বলেন, “আমার মা চার্লসকে খুব পছন্দ করতেন, আপনি কি এটা বিশ্বাস করতে পারেন!”
অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও ট্রাম্প দুজনই তাদের বক্তব্যে একে অপরকে নিয়ে রসিকতা করেন। ট্রাম্প শুরুতেই বলেন, চার্লস কংগ্রেসে চমৎকার ভাষণ দিয়েছেন এবং তিনি ডেমোক্র্যাটদের দাঁড় করিয়েছেন, যা তিনি নিজেও পারতেন না।
জবাবে রাজা চার্লসও হালকা রসিকতা করেন। তিনি ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, অতীতে ১৮১৪ সালে ব্রিটিশ বাহিনী হোয়াইট হাউসে আগুন লাগিয়েছিল। এছাড়া তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একসময় বলেছিলেন যুক্তরাষ্ট্র না থাকলে ইউরোপে সবাই জার্মান ভাষায় কথা বলত, তার জবাবে তিনি বলেন, ব্রিটেন না থাকলে হয়তো যুক্তরাষ্ট্রে ফরাসি ভাষা প্রচলিত হতো।
ভাষণের শেষে রাজা চার্লস উইলিয়াম শেকসপিয়ারের একটি উক্তি তুলে ধরেন এবং ট্রাম্পকে নৈশভোজের জন্য ধন্যবাদ জানান। পরে তিনি মজা করে বলেন, এই নৈশভোজ ঐতিহাসিক বোস্টন টি পার্টির চেয়েও অনেক উন্নত।