চলন্ত অ্যাম্বুলেন্সে দুই তরুণের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ তরুণী আটক, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় একটি চলন্ত অ্যাম্বুলেন্সে এক তরুণী ও দুই তরুণকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এক মোটরসাইকেল আরোহী চলন্ত অ্যাম্বুলেন্সটির ভেতরে অস্বাভাবিক নড়াচড়া দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে ভেতরে থাকা তিনজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। বিষয়টি প্রকাশ্যে আনতে তিনি অ্যাম্বুলেন্সটি থামানোর চেষ্টা করলেও প্রথমে সফল হননি।
পরবর্তীতে অন্য একটি গাড়ির সহায়তায় প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে অ্যাম্বুলেন্সটি থামানো হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্স থেকে চালক, এক তরুণ ও এক তরুণী বের হয়ে আসেন। এ সময় চালক ওই তরুণীকে নিজের বোন বলে দাবি করেন। তবে বারবার থামার অনুরোধ সত্ত্বেও কেন তারা গাড়ি থামাননি—এ প্রশ্নের সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি তারা। তরুণীও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশ করা হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। কেউ ঘটনাটি নিয়ে রসিকতা করেছেন, আবার অনেকেই ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।
অনেকের প্রশ্ন, জরুরি চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।