মন্ত্রী ছাড়া বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন না নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:২১ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ মন্ত্রী ছাড়া কোনো দেশের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার দুই দিনের সফরে বিক্রম মিশ্রির নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছানোর কথা ছিল। নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা এই সফরের মূল উদ্দেশ্য ছিল। তবে হঠাৎ সফর স্থগিত হওয়ায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

লিপুলেখ সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক ভারত-নেপাল উত্তেজনাকে এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে বালেন্দ্র শাহ মন্ত্রী পর্যায়ের নিচে কোনো বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করছেন না।

নেপালের সরকারি সূত্রের বরাতে জানা গেছে, ভারত আনুষ্ঠানিকভাবে অন্য ব্যস্ততার কথা উল্লেখ করে সফর স্থগিতের কথা জানালেও বাস্তব কারণ ভিন্ন। একদিকে বালেন্দ্র শাহ ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি, অন্যদিকে লিপুলেখ হয়ে কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় চালুর বিষয়ে ভারত ও চীনের সিদ্ধান্তে কাঠমান্ডুর অসন্তোষ রয়েছে।

সম্প্রতি ভারত ও চীন লিপুলেখ হয়ে তিব্বতের মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়। নেপাল দাবি করছে, লিপুলেখ তাদের ভূখণ্ডের অংশ। এই ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে।

এর আগে মরিশাসে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এই সফর নিয়ে আলোচনা হয়েছিল। সেই অনুযায়ী সফরের প্রস্তুতিও চলছিল এবং প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের জন্য ভারত সফরের আমন্ত্রণপত্র আনার কথা ছিল।

নেপালের কূটনৈতিক মহল বলছে, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর নিচের পর্যায়ের কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করছেন না। এর আগে যুক্তরাষ্ট্রের এক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এদিকে লিপুলেখ ইস্যুতে নেপাল ভারত ও চীন উভয় দেশের কাছেই কূটনৈতিক নোট পাঠিয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, তবে একতরফা ভূখণ্ড দাবি গ্রহণযোগ্য নয়।

নেপালের শিক্ষামন্ত্রী সসমিত পোখারেল জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে এবং কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

নেপালের দাবি অনুযায়ী, সুগৌলি চুক্তি অনুসারে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি অঞ্চল দেশটির অবিচ্ছেদ্য অংশ। সরকার এ অবস্থান ভারত ও চীন উভয় দেশকেই জানিয়েছে।

তবে কূটনৈতিক উত্তেজনা থাকলেও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারত। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান চুক্তি অনুযায়ী নেপালে জ্বালানি তেল ও রাসায়নিক সার সরবরাহ চলবে।

সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970