চীনে পাওয়া সব উপহার বিমানবন্দরেই ফেলে দিলেন মার্কিন কর্মকর্তারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২৫ পিএম
নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় চীন সফর শেষে দেশটি ছাড়ার সময় পাওয়া সব ধরনের উপহার ও সামগ্রী বিমানবন্দরেই ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। প্রেসিডেন্টকে বহনকারী বিমানে এসব নেওয়ার অনুমতি ছিল না।
চীন ত্যাগের মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা কঠোর নির্দেশনা দেন, চীন থেকে পাওয়া কোনো উপহার বা সামগ্রী বিমানে তোলা যাবে না। এরপর বিমান ওঠার সিঁড়িতেই হোয়াইট হাউসের কর্মী ও সাংবাদিকদের কাছ থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন সামগ্রী।
এসবের মধ্যে ছিল প্রেস পাস, পরিচয় পিন এবং সাময়িক ব্যবহারের জন্য দেওয়া মোবাইল ফোন। পরে সবকিছু ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।
নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, কঠোর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের আশঙ্কা ছিল, উপহার বা ইলেকট্রনিক সামগ্রীগুলো নজরদারি কিংবা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হতে পারে।
এ কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।