ইমরান খানকে ক্ষমতাচ্যুত্ত করেছে যুক্তরাষ্ট্র, গোপন নথি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল বলে নতুন করে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত একটি গোপন নথি ও একাধিক সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ২০২২ সালে তার সরকারের পতনের ঘটনায় ওয়াশিংটনের পাশাপাশি পাকিস্তানের সামরিক নেতৃত্বও ভূমিকা রেখেছিল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জুনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ইমরান খানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে ট্রাম্প নাকি ইমরান খানের মুক্তির বিষয়টি সমাধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সূত্রগুলোর দাবি, ওই বৈঠকে ট্রাম্প আরও বলেন, পাকিস্তানি-আমেরিকান ভোটাররা তার নির্বাচনী জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তাদের বড় একটি অংশ ইমরান খানের মুক্তির দাবিতে সোচ্চার।

এদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য সমর্থন পেলেও সামরিক প্রভাবের কারণে নির্বাচনের ফল পরিবর্তিত হয় বলে অভিযোগ উঠেছে। এর ফলে শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে।

ইমরান খানের পরিবার ও প্রবাসী সমর্থকরাও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলের কাছে তার মুক্তির দাবি জানিয়ে আসছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ সীমিত বলে জানা গেছে।

প্রকাশিত তথ্যে আরও বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইমরান খানের নিরপেক্ষ অবস্থান নিয়ে জো বাইডেন প্রশাসন অসন্তুষ্ট ছিল। সাংবাদিক রায়ান গ্রিম ও মুর্তজা হুসেন প্রকাশিত একটি কূটনৈতিক বার্তায় দাবি করা হয়, ইমরান খান ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মার্কিন কূটনীতিকরা সতর্ক করেছিলেন।

এর কিছুদিন পরই পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান।

তবে এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, বিষয়টি পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি করতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970