ইতালিতে নিজেকে ‘চা-ওয়ালা’ বললেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৪২ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির রাজধানী রোমে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে উল্লেখ করেছেন। বুধবার (২০ মে) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও’র সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে মোদি বলেন, “আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। তাই একদিন আগেই একজন চা-ওয়ালা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে।”
তার এ বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। পরে শ্রোতারা করতালির মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
এ সময় ভারতের চায়ের বৈচিত্র্য ও গুণগত মানের প্রশংসা করে মোদি বলেন, ভারতের চায়ের বৈচিত্র যেমন বিশাল, তেমনি এর শক্তিও অনেক বড়।
পাঁচ দেশের সফরের অংশ হিসেবে গত ১৫ মে থেকে সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করছেন নরেন্দ্র মোদি। রোম সফরকালে তাকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা মেডেল’ প্রদান করে এফএও।
পুরস্কার গ্রহণের পর মোদি বলেন, এই সম্মান শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি ভারতের কোটি কোটি কৃষক, জেলে, পশুপালক, কৃষিবিজ্ঞানী ও শ্রমজীবী মানুষের স্বীকৃতি।
তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা, মানবকল্যাণ ও টেকসই উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদি ছোটবেলায় গুজরাটের একটি রেলস্টেশনে চা বিক্রি করতেন বলে বিভিন্ন সময় উল্লেখ করেছেন। পরে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি।
প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার শাসনামলে ২০০২ সালে গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে, যাতে বহু মানুষ নিহত হন।