ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে এক ভয়াবহ দুর্ঘটনায় ওমরাহযাত্রী বহনকারী একটি বাস ও ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষ ঘটেছে। এতে বাসে থাকা ৪২ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনাটি বাংলাদেশি সময় দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে ঘটে। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাসের বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে এসেছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যাওয়ার কারণে বের হওয়ার সুযোগ পাননি।

নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনো সঠিক সংখ্যা যাচাই করছে। উদ্ধারকারী দলের মতে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

ঘটনায় একজন বেঁচে থাকা যাত্রী মোহাম্মদ আব্দুল শোয়াইবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970