পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে। আফগান সীমান্তসংলগ্ন বিভিন্ন অঞ্চলে পরিচালিত সাম্প্রতিক এসব অভিযানে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে। গত সপ্তাহে ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার পর থেকেই অভিযান আরও তীব্র করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)–এর তথ্য উদ্ধৃত করে ডেইলি সাবাহ জানিয়েছে, নিহতদের সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা তাদের সহযোগী সংগঠনের সদস্য। পাকিস্তানের দাবি, ভারত এসব সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে।
গত বুধবার খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত হয়। এরপর জারি করা পৃথক বিবৃতিতে আইএসপিআর জানায়, ১৮–১৯ নভেম্বর মহমান্দ, লাক্কি মারওয়াত ও ট্যাংক জেলায় আরও তিনটি অভিযানে অতিরিক্ত ৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
সেনাবাহিনী বলছে, বিদেশি মদদে পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে দেশটি দৃঢ় ও দ্রুতগতির অভিযান অব্যাহত রাখবে।
ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান সরকার পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। গত সপ্তাহে আদালত প্রাঙ্গণে হওয়া আত্মঘাতী হামলাটির পরিকল্পনা আফগানিস্তান থেকেই করা হয়েছিল বলে দাবি তাদের। ওই হামলায় ১২ জন নিহত হয় এবং আহত হয় বহু মানুষ। হামলার দায় স্বীকার করেছে টিটিপির একটি অংশ।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ভারতের বিরুদ্ধেও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়ার অভিযোগ জোরালো করেছে, যদিও ভারত ও আফগানিস্তান উভয়ই এসব অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক সম্প্রতি ব্যাপকভাবে অবনতি হয়েছে। গত মাসে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষ মিলিয়ে ৭০ জনের বেশি নিহত হয় এবং সংঘর্ষের পর সপ্তাহব্যাপী সীমান্ত বন্ধ থাকে।