ভেনেজুয়েলা উপকূলে মার্কিন অভিযান অব্যাহত রাখার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম
ভেনেজুয়েলা উপকূলে চলমান মাদকবিরোধী অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, এই অভিযান আগের মতোই অব্যাহত রাখা হবে।
ক্যারিবীয় সাগরে সাম্প্রতিক মার্কিন অভিযানে ২০টিরও বেশি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রাণ গেছে কমপক্ষে ৮০ জনের। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে ঘোষণা দেন, ‘কার্টেল দে লস সোলেস’ নামের একটি নেটওয়ার্ককে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন সরকারের অভিযোগ—এই নেটওয়ার্কে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা জড়িত এবং তারা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট। তবে এসব অভিযোগের কোনো স্বাধীন প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।
এই অভিযোগকে “হাস্যকর ও অস্তিত্বহীন” বলে প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলার সরকার। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্যে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট মাদুরোও একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ উল্লেখ করে দেশজুড়ে সতর্কাবস্থা জোরদার এবং সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ায় সম্ভাব্য নতুন অভিযানের গুঞ্জন জোরালো হয়েছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সাম্প্রতিক সেনা মোতায়েন বড় ধরনের কোনো পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তি সামরিক পদক্ষেপের অনুমতি দেয় না। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প উন্মুক্ত হয়েছে।