পরিবারের হাতে প্রেমিক খুন, সিঁদুর পরে মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ এএম

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নান্দেদে কাস্ট প্রথার বলি হলো এক তরুণের ভালোবাসা। প্রেমিকার পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তরুণের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় কপালে সিঁদুর পরে মৃত প্রেমিকের দেহকেই ‘বিয়ে’ করে আলোচনায় এসেছেন আঁচল নামের তরুণী।

নিহত সক্ষম তাঁতী (২০) স্থানীয়ভাবে নিম্নবর্ণের যুবক। প্রায় তিন বছর ধরে তার সঙ্গে সম্পর্ক ছিল উচ্চবর্ণের মেয়ে আঁচলের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আঁচলের ভাইদের মাধ্যমে সক্ষমের সঙ্গে তার পরিচয় হয়। ঘন ঘন যাতায়াতের মধ্য দিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।

কিন্তু কাস্ট প্রথার কারণে আঁচলের পরিবার সম্পর্ক মেনে নেয়নি। সম্প্রতি বিষয়টি পরিবার জানতে পারলে শুরু হয় চাপ ও হুমকি। তারপরও আঁচল ও সক্ষম বিয়ের সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার ঘটনা চরম রূপ নেয়। অভিযোগ, আঁচলের বাবা ও ভাই সক্ষমকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়, মাথায় গুলি করা হয় এবং পরে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়।

মর্মান্তিক খবর পেয়ে আঁচল ছুটে যান সক্ষমের বাড়িতে। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃত প্রেমিকের দেহে হলুদ মেখে নিজের কপালে সিঁদুর পরেন এবং তাকে ‘বিয়ে’ করেন। এরপর ঘোষণা দেন, বাকি জীবন তিনি সেই বাড়িতেই পুত্রবধূ হিসেবে থাকবেন।

আঁচল বলেন, “সক্ষমের মৃত্যুর পরও আমাদের ভালোবাসা জিতেছে। আমার বাবা-ভাইরা হেরে গেছে। সক্ষম না থাকলেও আমাদের ভালোবাসা বেঁচে আছে।” তিনি হত্যাকারীদের মৃত্যুদণ্ড দাবি করেছেন।

স্থানীয় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970