ভারতীয় যুবককে বাংলাদেশি আখ্যা দিয়ে ওড়িশায় বেধড়ক পিটুনি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম
ভারতের ওড়িশা রাজ্যে এক মুসলিম যুবককে মারধর করে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ ও ‘ভারতমাতা কি জয়’ স্লোগান বলানো হয়েছে। আহত যুবকের নাম রাহুল ইসলাম, তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার বাসিন্দা।
এক ভিডিওতে দেখা যায়, ওড়িশার গঞ্জাম জেলার একটি গ্রামে কয়েকজন হিন্দুত্ববাদী যুবকের পরিচয়পত্র পরীক্ষা করে তা ‘ভুয়া’ বলে দাবি করেন। এরপর তাকে ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ বলে কটূক্তি করা হয়। পরে তাকে মারধর করে জোরপূর্বক স্লোগান বলানো হয়।
মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, এই ধরনের স্লোগান চরমপন্থী গোষ্ঠী ভারতীয় মুসলমানদের আনুগত্য যাচাইয়ের জন্য ব্যবহার করে। ঘটনার ভিডিও ও বিবরণ দিয়ে পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন ওড়িশা পুলিশ, জাতীয় সংখ্যালঘু কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনকে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে।
ওড়িশা সরকার জানিয়েছে, চলতি বছরের মার্চে রাজ্যে বৈধ নথি ছাড়া বসবাসরত ৩,৭৪০ জন বাংলাদেশি শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে এখনো পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।