বিএনপির প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘাড় ধাক্কার ঘটনায় ইসিকে আইনি নোটিশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাক্কা দিয়ে বের করার ঘটনার পর ইলেকশন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন এ নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি মানিকগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও নোটিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই চলাকালে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমানকে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর পর আতাউর রহমান আপত্তি জানান, তিনি আফরোজা খানমের বিরুদ্ধে মামলা ও গ্যাস বিল সংক্রান্ত বিষয় উল্লেখ করেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপস্থিত কর্মকর্তারা কক্ষ ত্যাগ করার সময় আতাউর রহমানকে মানিকগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন যাদু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন এবং রিটারিং কর্মকর্তার সহকারী সোহেল রানা ধাক্কা দিয়ে বের করেছেন।
আইনি নোটিশে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।