ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দু’জন ১৪ দিনের রিমান্ডে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৮ মার্চ) আটক দুই ব্যক্তিকে বিধাননগর আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সেখানে আত্মগোপনে ছিলেন। তারা বনগাঁ এলাকায় লুকিয়ে ছিলেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ফয়সাল করিম মাসুদের বয়স ৩৭ বছর এবং তার বাড়ি পটুয়াখালীতে। অপরদিকে ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

বিশেষ টাস্ক ফোর্সের সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন দুজনই হাদিকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। সর্বশেষ তারা বনগাঁ এলাকায় অবস্থান করছিলেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970