ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ‘টেনশন না করতে’ বলার ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনায় জড়িত কনস্টেবল জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনকে ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় হাজিরা শেষে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় কনস্টেবল জামাল ও কনস্টেবল সোলাইমান শৃঙ্খলাবহির্ভূতভাবে কথা বলেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের আচরণ বিচারিক পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে হাজতখানায় নেওয়ার সময় দুই পুলিশ সদস্য তাকে আশ্বস্ত করে বলেন, টেনশন করবেন না, আমরা আছি।

বর্তমানে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর বিচার চলছে। বুধবার ষষ্ঠ দিনের মতো তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ মে নির্ধারণ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970