আবারও হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৩৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটিতে ১৪ বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে।
রোববার (১৭ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন এ তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে আদালত পরবর্তী শুনানির জন্য ৭ জুন দিন ঠিক করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টন এলাকার বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অটোরিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। পরে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
গোয়েন্দা পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রে ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পাঁচজন এখনও পলাতক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বপরিকল্পিত হামলার বিষয়ও তুলে ধরা হয়েছে।