সোমবার সকাল ১১টায় শেখ হাসিনার মামলার রায়, সরাসরি দেখাবে বিটিভি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল ১১টায় এ রায় ঘোষণা করা হবে।
রায়কে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট থেকে সেনাবাহিনীর সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) জানিয়েছে, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে।
গত বছরের ২৪ জুলাই থেকে আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা হয়। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ট্রাইব্যুনাল-১–এ এ রায় দেওয়া হবে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষও খালাস চাওয়া হয়েছে।