১৬ বছর পর আবারও পর্দায় ফিরছে চ্যানেল ওয়ান, শুরু হচ্ছে সম্প্রচার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে পুনরায় সম্প্রচার কার্যক্রম শুরু করবে চ্যানেলটি।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য ও বিনোদনের সমন্বয়ে যাত্রা শুরু করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের মূল দায়িত্ব এবং এই নীতিতে অটল থাকার কারণেই তখন অনেক মন্ত্রীর বিরাগভাজন হতে হয়েছিল চ্যানেলটি।

গিয়াসউদ্দিন আল মামুন দাবি করেন, সংবাদে দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থানের কারণে খুব অল্প সময়েই দর্শকের আস্থা অর্জন করেছিল চ্যানেল ওয়ান।

জানা যায়, সম্প্রচার শুরুর চার বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগে হঠাৎ করে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দাবি, তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায়, ফলে দীর্ঘ সময় বন্ধই থাকে চ্যানেলটির কার্যক্রম।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আবারও সম্প্রচারের অধিকার ফিরে পেতে উদ্যোগ নেওয়া হয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই বাধা দূর করা সম্ভব হয়েছে।

পুনঃসম্প্রচার শুরুর বিষয়ে তিনি জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে বাণিজ্যিক সম্প্রচার শুরু হবে। এই দিন ও সময় বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ১৬ বছর আগে ঠিক এই দিন ও সময়ে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়েছিল, তাই একই সময়েই পুনরায় যাত্রা শুরু করা হচ্ছে।

তিনি আরও জানান, আগের মতোই দলনিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখবে চ্যানেল ওয়ান এবং দর্শকের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970