৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশের সহায়তায় দফতর ছাড়তে সক্ষম হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা তার অফিস ঘিরে ধরে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে অবরোধ শুরু হয়, যা রাত আটটা পর্যন্ত স্থায়ী হয়। অবরুদ্ধ অবস্থায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকে জানানো হয়, আন্দোলনকারীদের দাবি অনুযায়ী আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু আন্দোলনকারীরা তাতে সন্তুষ্ট না হয়ে সেদিনই প্রজ্ঞাপন জারির দাবি জানান।
উল্লেখ্য, সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ আদায়ের লক্ষ্যে বুধবার বেলা আড়াইটার দিকে প্রায় তিন শতাধিক ব্যক্তি একত্রিত হন। তারা মিছিলসহ অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন এবং হ্যান্ড মাইকে স্লোগান দিতে থাকেন।