দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম

ছবি: সংগৃহীত

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দেওয়া নসিহত গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দিল্লির কোনো উপদেশ শুনতে রাজি নয় ঢাকা।

গতকাল বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ বাংলাদেশকে নির্বাচনসহ নানা বিষয়ে নসিহত করছে। কিন্তু আমরা কী করব, তা আমরা নিজেরাই ভালো জানি। গত ১৫ বছর ধরে যখন নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল, তখন ভারতকে এসব বিষয়ে কথা বলতে দেখা যায়নি।

তিনি বলেন, ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাইলেও বাস্তবে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই উত্তেজনা আরও বেড়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পাল্টা হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের পাল্টাপাল্টি তলব কূটনৈতিক অঙ্গনে অস্বাভাবিক নয়।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এই সরকার শুরু থেকেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে চায়—যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন যখন ভালো নির্বাচনের দিকে এগোনো হচ্ছে, তখন ভারতের নসিহতের কোনো প্রয়োজন নেই।

ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের মন্তব্যের সঙ্গে ভারতের বক্তব্য এক নয় বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে এসব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, আদালত থেকে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এ ক্ষেত্রে তার বক্তব্য বন্ধ বা তাকে ফেরত চাওয়া বাংলাদেশের জন্য স্বাভাবিক দাবি।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে দিল্লির উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ঘেরাও কর্মসূচির সময় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এমন কর্মসূচিতে ভারতের উদ্বেগ থাকাটাও স্বাভাবিক।

এনসিপি নেতার দেওয়া ‘সেভেন সিস্টার্স’ সংক্রান্ত বক্তব্য সরকারের অবস্থান নয় বলে স্পষ্ট করে দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সরকারের বক্তব্য হলে তা দায়িত্বশীল পর্যায় থেকেই জানানো হতো।

ভারতের নেতাদের বিজয় দিবসের বার্তায় বাংলাদেশের ভূমিকা উপেক্ষার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত বরাবরই মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর প্রবণতা দেখিয়েছে।

উল্লেখ্য, জুলাই বিপ্লবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো সাড়া দেয়নি ভারত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970