ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে তাদের পদত্যাগ দাবি করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ আলটিমেটাম ঘোষণা করে কর্মসূচি শেষ করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে এ সমাবেশ শুরু হয়। সমাবেশ চলাকালে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ সড়কে আসরের নামাজ আদায় করেন।

সমাপনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জনসমক্ষে এসে জানাতে হবে—হত্যাকাণ্ডের তদন্তে গত এক সপ্তাহে তারা কতটা অগ্রগতি অর্জন করেছেন। তা করতে ব্যর্থ হলে তাদের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার সহায়তায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আজকের কর্মসূচি এখানেই শেষ করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আগামীকাল আবারও শাহবাগে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে সমাবেশে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচন ও গণআন্দোলনকে ভিন্ন খাতে নিতে পরিকল্পিত নাশকতা চালানো হচ্ছে। তিনি বলেন, ওসমান হাদি যে সংগ্রাম শুরু করেছিলেন, তা আড়াল করতেই এসব ষড়যন্ত্র চলছে। খুনিদের গ্রেপ্তারই তাদের প্রথম ও প্রধান দাবি বলে জানান তিনি।

কর্মসূচি শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহবাগে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। সন্ধ্যা ছয়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970