দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় এখনো নীরব ভারত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থীদের হামলার ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত সরকার। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে, যা কূটনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
কূটনৈতিক সূত্র জানায়, ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি উগ্রপন্থী দল বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হুমকি দেয়।
ঘটনার সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসের ভেতরে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী কার্যকর কোনো হস্তক্ষেপ করেনি। ফলে হামলাকারীরা বেশ কিছুক্ষণ স্লোগান দিয়ে পরে নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ উঠেছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাংলাদেশের কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ভারতের দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক মিশনের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় কর্তৃপক্ষের উচিত অবিলম্বে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িত উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।