প্রথম আলো-ডেইলি স্টারে আগুন কেন, কোন অপরাধে- প্রশ্ন মাহফুজ আনামের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। কেন ও কোন অপরাধে এই দুটি গণমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়া হলো— সে প্রশ্ন তুলতে অন্যান্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি।
রোববার (২১ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মাহফুজ আনাম।
তিনি বলেন, বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কোনো গণমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়ার নজির নেই। এই প্রথম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া হলো। তিনি প্রশ্ন রাখেন, ‘আমরা কী অপরাধ করেছি, যার জন্য এমন হামলার শিকার হতে হলো?’
মাহফুজ আনাম বলেন, অপরাধ কী— এই প্রশ্ন প্রতিটি গণমাধ্যমেরই তোলা উচিত। তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হওয়া উচিত সমালোচনামূলক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে তিনি বলেন, ক্ষমতার বাইরে থাকলে সবাই উদার থাকেন, কিন্তু ক্ষমতায় গেলে সমালোচনা গ্রহণের মানসিকতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছরে কোনো সরকারই প্রকৃত অর্থে ক্রিটিক্যাল জার্নালিজম গ্রহণ করেনি। নতুন বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব সমালোচনামূলক সাংবাদিকতাকে গ্রহণ করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মাহফুজ আনাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে ক্রিটিক্যাল জার্নালিজমের জায়গা থাকতে হবে। সাংবাদিকতার মূল ভিত্তি নৈতিকতা উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম ভুল করলে ক্ষমা চাইবে, তবে গণতন্ত্রকে সঠিক পথে রাখতে সমালোচনা অব্যাহত থাকবে।